ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার বিএনপির

ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্টন এলাকা প্রদক্ষিণ করে সোনারগাঁও মোড় পর্যন্ত যান।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা সব সময় ফিলিস্তিনের পক্ষে আছি, পাশে থাকব। কিন্তু শুধু সংহতি জানালে চলবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায় যদি এখনো পদক্ষেপ না নেয়, তবে ইসরায়েলের এই বর্বরতা চলতেই থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফিলিস্তিনের ইস্যুতে বাংলাদেশ সরকারের নীরবতা প্রশ্নবিদ্ধ। আমাদের দেশে একটি সরকার আছে যে নামে ডাকুন না কেন, তাদের কাছ থেকে ফিলিস্তিনিদের বিষয়ে এখনো কোনো উচ্চারণ শুনিনি।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ফিলিস্তিন সংকটের পেছনে 'ইন্দো-মার্কিন ষড়যন্ত্রকে' দায়ী করেন। তিনি বলেন, এই ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের কারণে যুগের পর যুগ ধরে ফিলিস্তিনি জনগণ গণহত্যা ও নিপীড়নের শিকার হয়ে আসছে। কিন্তু তার কোনো প্রতিকার আমরা দেখতে পাচ্ছি না।

সমাবেশ ও মিছিলে বিএনপির ঢাকা মহানগরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

All Categories