ফিলিস্তিনিদের দাবির সঙ্গে বাংলাদেশের সবাই আছে

ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক বিশাল গণসমাবেশ।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন নানা মত, পথ ও শ্রেণিপেশার মানুষ।

সমাবেশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল, মত ও চিন্তার মানুষ মজলুম ফিলিস্তিনের পাশে আছে। মতপার্থক্য থাকলেও আমরা এক কাতারে দাঁড়িয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের স্বাধীনতা ও ভূমির অধিকারের প্রশ্নে আমরা একত্রিত।

সমাবেশে আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেন, ভৌগোলিকভাবে ফিলিস্তিন আমাদের থেকে অনেক দূরে হলেও, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে বাংলাদেশিদের হৃদয়ে বাস করে একেকটি ফিলিস্তিন, একেকটি গাজা ও একেকটি আল কুদস।

তিনি আরও বলেন, এই বিশাল জনসমাগম আমাদের ভালোবাসা, সংহতি ও প্রতিরোধের ভাষা যা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অটুট অবস্থানকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

সমাবেশে উপস্থিত মুসল্লি ও জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত, পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।

সমাবেশ থেকে ফিলিস্তিনে চলমান গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। একইসঙ্গে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করা হয়।

All Categories