ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ছেলে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ কনস্টেবল শওকত হোসেনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।গতকাল রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রহনপুরের খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল শওকতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পাম্প মালিক গোমস্তাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিম ও  ছেলে আবদুল্লাহ আল রায়হান (৩৫) প্রথমে নিজেই একদফা এবং পরে পাম্পের কর্মচারীদের সাথে নিয়ে আরেক দফা লাঠি দিয়ে শওকতকে পিটিয়ে আহত করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কনস্টেবল শওকত পুলিশের গাড়ির জন্য জ্বালানি আনতে পাম্পে ঢুকে পুলিশের ইস্যুকৃত স্লিপ ম্যানেজারের নিকট জমা দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় রায়হান তাকে বেরিয়ে যেতে বলেন। এ সময় শওকত তার পরিচয় দিয়ে জ্বালানি নিয়েই বেরিয়ে যাবেন জানালে রায়হান তাকে চড় মারেন।পরে কর্মচারীদের সাথে নিয়ে শওকতকে মারধর করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীণ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ  অভিযোগ করেন, বারবার পরিচয় দেওয়ার পরও রায়হান কনস্টেবল শওকতকে দুই দফা মারধর করেন। জেলা পুলিশ থেকে ওই পাম্পটি গোমস্তাপুর, নাচোল ও জেলার ভোলাহাট এই তিন থানার পুলিশের গাড়ির জ্বালানির জন্য নির্ধারণ করে দিয়েছে।

ওই পাম্পে স্লিপ জমা দিয়ে তিনটি থানার পুলিশকে জ্বালানি নিতে হয়। কিন্তু পাম্প স্টাফদের বিরুদ্ধে আগেও একাধিকবার অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে গোমস্তাপুরর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তাকে অবগত করেছেন।এ দিকে এ ব্যাপারে পাম্প মালিক আশরাফ হোসেন আলিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 


 

All Categories