ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা, অধ্যাদেশ জারির দাবি

ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান চাইছেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার অধ্যাদেশ এখনো জারি না হওয়ায় তারা আবারও রাস্তায় নেমেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, খসড়া আইন প্রকাশের পর থেকে প্রায় থেমে আছে প্রক্রিয়া; ফলে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী চরম বিপাকে রয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত নেওয়ার পর তিন দফা বৈঠক হলেও অধ্যাদেশ প্রণয়নে কোনো অগ্রগতি চোখে পড়েনি। আন্দোলনকারী শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত অধ্যাদেশ না জারি হলে আগামী রবিবার সকাল ১১টায় শিক্ষা ভবনমুখী পদযাত্রা করা হবে। পরে সেখানে অবস্থান কর্মসূচিও পালন করবে তারা।

ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজ নিয়ে যে নতুন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এখন স্থবির। পরিচয় সংকট আর একাডেমিক অনিশ্চয়তায় আমরা দিশেহারা। আমাদের একটাই দাবি—চূড়ান্ত অধ্যাদেশ জারি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় গত ১২ নভেম্বর জানিয়েছে, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

All Categories