ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করেছে। তিনি সশস্ত্র বাহিনীর নিরাপত্তা রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূমিকার প্রশংসা করে বলেন, জাতীয় নিরাপত্তা ও মানবিক সেবায় সশস্ত্র বাহিনীর অবদান অনন্য।

কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি নির্ধারণ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। তিনি জানান, দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক পরিবেশে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে এনডিসি ইতোমধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর হবে এমনটাই আশা করি। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

কোর্স শেষে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের জাতীয় স্বার্থ রক্ষা ও দেশের উন্নয়নে অর্জিত জ্ঞান সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানান।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ অংশ নেন ৯৬ জন সদস্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ১৮টি দেশের ২৯ জন অংশগ্রহণকারী। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট ৫৬ জন কর্মকর্তা সফলভাবে সম্পন্ন করেন আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫।

All Categories