ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে।
বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জানান, নির্বাচনসহ বাংলাদেশের বিভিন্ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে বাণিজ্য, সার্কের পুনরুজ্জীবন, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা—এমন নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে মার্কিন কর্মকর্তারা জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অধ্যাপক ইউনূস বলেন, এক দশকের বেশি সময় ধরে সার্ক সম্মেলন স্থবির হয়ে আছে। অন্তর্বর্তী সরকার সেটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আসিয়ানে যোগদানের আগ্রহের কথাও জানান তিনি। নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব দেন।
বৈঠকের শেষে সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ইউনূস। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।
অগ্রবর্তী দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অভিবাসীদের সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও।