এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে ভয়াবহ পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ঘোষণা বিশ্ব অর্থনীতিকে নতুন করে টালমাটাল করে তুলেছে। এই ঘোষণার প্রভাবে বড় ধরনের ধস নেমেছে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে। বিশ্লেষকেরা বলছেন, বাজারে অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের আতঙ্কই এই পতনের প্রধান কারণ।

গত সপ্তাহে মাত্র দুই দিনেই ওয়াল স্ট্রিটের শেয়ারবাজার থেকে ৬ লাখ কোটি ডলারের বেশি বাজারমূল্য উধাও হয়ে গেছে। নতুন সপ্তাহের শুরুতে বাজার আবার চালু হলে আরও বড় ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।

বাংলাদেশ সময় সোমবার বিকেলে এশিয়ার বড় বড় শেয়ারবাজারগুলোতে একযোগে পতন দেখা যায়।তাইওয়ানের প্রধান সূচক টিএআইইএক্স এবং হংকংয়ের হ্যাং সেং সূচক উভয়ই প্রায় ১৩ শতাংশ কমেছে।জাপানের নিক্কেই ২২৫ সূচক কমেছে প্রায় ৮ শতাংশ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব এশিয়ার রপ্তানিনির্ভর অর্থনীতিগুলোর ওপর সবচেয়ে বেশি পড়ছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা বাড়ছে।

টানা দ্বিতীয় দিনের মতো ইউরোপের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।দিনের শুরুতেই জার্মানির ডিএএক্স সূচক কমেছে প্রায় ১০ শতাংশ।আমস্টারডাম স্টক এক্সচেঞ্জে পতন ৬ দশমিক ২৪ শতাংশ।বেলজিয়ামে ৬ দশমিক ৩৪ শতাংশ, আর ফ্রান্সের সিএসি ৪০ সূচকে পতন ৬ দশমিক ১৪ শতাংশ।বিশ্ববাজারের জন্য মানদণ্ড হিসেবে বিবেচিত প্যান-ইউরোপিয়ান স্টক্স ৬০০ সূচকেও একই ধরনের ধস লক্ষ্য করা গেছে।

বিশ্ববাজার পর্যবেক্ষকেরা মনে করছেন, সামনে আরও ভয়াবহ অস্থিরতা অপেক্ষা করছে। বাণিজ্যযুদ্ধের সমাধান শিগগিরই হবে এমন কোনো আভাস নেই।

অক্সফোর্ড ইকোনমিকসের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অরূপ রাহা বলেন, ট্রাম্প শুল্ক আরোপ করবেন, এটা ধারণা করা গিয়েছিল। কিন্তু শুল্কের হার এত বেশি হবে, তা কেউ ভাবেনি। এশিয়ার বাজারে এর প্রতিক্রিয়া অত্যন্ত নেতিবাচক।

তিনি আরও বলেন, আমি যদি কোনো কোম্পানির প্রধান হতাম, তাহলে এখনই কোনো দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নিতাম না। কারণ কেউ জানে না সামনে কী ঘটতে যাচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের সহযোগী রিন্টারো নিশিমুরা বলেন, শুল্কের প্রভাব ঠিক কতটা হবে, তা নিয়ে প্রচণ্ড অনিশ্চয়তা রয়েছে। আর এ অনিশ্চয়তাই মূলত বাজারে বড় ধসের কারণ।

বিশ্ব অর্থনীতি এমন এক সংকটের মুখোমুখি, যেখানে রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব সরাসরি বাজারে পড়ছে। ট্রাম্পের বাণিজ্যনীতি, বিশেষ করে উচ্চ শুল্ক আরোপের এই নতুন ধারা, বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, যদি দ্রুত কোনো সমাধান না আসে, তাহলে এই অস্থিরতা বিশ্বব্যাপী দীর্ঘ মেয়াদে প্রভাব ফেলতে পারে।

All Categories