এপ্রিলে রপ্তানি আয় ১০ মাসের মধ্যে সর্বনিম্ন
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসের মধ্যে এপ্রিল মাসেই রপ্তানি আয়ে সর্বনিম্ন অবস্থান দেখা গেছে। ঈদের ছুটি ও গ্যাস সংকটের কারণে মাসটিতে রপ্তানি কমেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
আজ সোমবার (৫ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে দেখা যায়, গত এপ্রিল মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ০১ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ০.৮৬ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন মাসিক রপ্তানি আয়। এর আগে সর্বনিম্ন রপ্তানি হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে, যার পরিমাণ ছিল ৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
চলতি বছরের মার্চ মাসে রপ্তানির পরিমাণ ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার—অর্থাৎ এপ্রিলের তুলনায় প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার বেশি।
রপ্তানিকারকরা বলছেন, পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি এবং শিল্প খাতে গ্যাসের সংকট একযোগে প্রভাব ফেলেছে পণ্য উৎপাদন ও সরবরাহে। ফলে এপ্রিল মাসে বিদেশগামী পণ্যের চালান কমেছে।