এনসিপিসহ ৩ দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

নির্বাচন কমিশন (ইসি) নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য নির্বাচিত করেছে। গণবিজ্ঞপ্তি জারির পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি বা আপত্তি না থাকলে দলগুলো চূড়ান্তভাবে নিবন্ধন পাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মাঠপর্যায়ের যাচাই–বাছাইয়ে নিবন্ধনের শর্ত পূরণ করেছে তিনটি দল। এগুলো হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সিনিয়র সচিব বলেন, ১৪৩টি আবেদনের মধ্যে এই ৩টি দল কমিশনের শর্ত পূরণ করেছে। নিবন্ধনের জন্য তাদের প্রাথমিকভাবে যোগ্য মনে করা হয়েছে।

আগামীকাল থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর ১২ নভেম্বর পর্যন্ত জনসাধারণ দাবি–আপত্তি ও মতামত দিতে পারবেন। এরপর সেসব বিবেচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আখতার আহমেদ জানান, প্রাথমিকভাবে বিবেচনায় থাকলেও পরবর্তীতে তিনটি দলের নিবন্ধন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। সেগুলো হলো—জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (শাহজাহান সীরাজ), জাতীয় লীগ। এই দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা না থাকায় তাদের বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া আবেদনের যথার্থতা প্রমাণে ব্যর্থ হওয়ায় আটটি দলকে নামঞ্জুর করা হয়েছে। এগুলো হলো— আম জনতার দল, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতার পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি।

রাজনৈতিক দল নিবন্ধনের জন্য অন্তত দুটি শর্তের একটিকে পূরণ করতে হয়। সেগুলো হলো— দেশের অন্তত ১০০টি উপজেলা বা মহানগরে কার্যকরী কার্যালয় ও সদস্য থাকা, অথবা ২২টি জেলায় কার্যকরী কার্যালয় ও সদস্য থাকা।

সচিব জানান, আদালতের নির্দেশনায় কিছুটা সহনশীলতা দেখিয়ে সামান্য ঘাটতি থাকলেও কিছু দলকে বিবেচনায় নেওয়া হয়েছে।

১২ নভেম্বর দাবি–আপত্তি গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৪ কিংবা ১৫ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত বা গেজেট প্রকাশ হতে পারে।

সিনিয়র সচিব জানান, এনসিপিসহ তিনটি দলই নিবন্ধনের পাশাপাশি প্রতীকের আবেদন করেছে। এর মধ্যে একটি দল প্রতীক পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, “প্রতীক বরাদ্দের আবেদনগুলোর পরীক্ষা চলছে। প্রাপ্যতা থাকলে সেটি বিজ্ঞপ্তিতে জানানো হবে।”

All Categories