এনসিপির নেতা হান্নান মাসউদের পথসভায় হামলা

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে হান্নান মাসউদের নেতৃত্বে তাঁর সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

জানা যায়, আবদুল হান্নান মাসউদ হাতিয়ার সন্তান। তিনি রোববার (২২ মার্চ) উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। পরদিন সোমবার (২৪ মার্চ) তিনি জাহাজমারা ইউনিয়নে জনসংযোগ চালান। তবে সন্ধ্যায় জাহাজমারা বাজারে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তাঁর পথসভায় হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই হান্নান মাসউদ তাঁর সমর্থকদের নিয়ে সড়কে অবস্থান নেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলা সমন্বয়ক মো. ইউসুফ রেজা বলেন, "হান্নান মাসউদ ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। এতে স্থানীয় পরিবেশ থমথমে হয়ে উঠেছে। হান্নান ভাই বর্তমানে বাজারের মাঝখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।"

তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

All Categories