একাত্তরের অমীমাংসিত ইস্যু নিয়ে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নই: পররাষ্ট্র উপদেষ্টা

একাত্তরের অমীমাংসিত ইস্যু নিয়ে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তাদের সঙ্গে একমত হলে তো সমস্যা সমাধান হয়ে যেত। বৈঠকে আমরা আমাদের অবস্থান বলেছি, তারা তাদের অবস্থান বলেছে।

তিনি বলেন, ৫৪ বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। তিনটি বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছি। এর মধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষই একমত হয়েছি যে, অমীমাংসিত বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে।

বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমরা চাই হিসেব-নিকাশের মাধ্যমে টাকা-পয়সার ইস্যুর সমাধান হোক। আমরা চাই যে গণহত্যা হয়েছে, সেটির জন্য তারা দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আর আটকে পড়া মানুষদের তারা ফেরত নিক।

এছাড়া বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানান তিনি। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশ গুরুত্ব দিয়েছে, যা সরাসরি দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। তবে আমরা চাই পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক, যেমনটা আমরা অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে চাই।

বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ইসহাক দার দাবি করেন, একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে। একই সঙ্গে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

All Categories