একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর এক হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যাসহ ১৯৭১ সালের অমীমাংসিত বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে পারভেজ মোশাররফের ঢাকা সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়েই এ সমস্যার সমাধান হয়েছে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

বৈঠক শেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

চুক্তি : সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ।

এমওইউগুলো : দুই দেশের বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ (আইএসএসআই)-এর মধ্যে সহযোগিতা।

দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর এটি। সফরের প্রথম দিনেই তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল তাঁর ঢাকা সফরের কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দিলে সফর স্থগিত করে ইসলামাবাদ।

All Categories