এক মাসেরও কম সময়ের মধ্যে আমরা প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের মানুষের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করা হয়েছে এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা দেরি হলেও মানুষের জীবনমান উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দেন।
তারেক রহমান বলেন, ‘আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই—যে সরকার জনগণ ও দেশের জন্য কাজ করবে। আমরা জনগণের কাছে জবাবদিহি করতে চাই। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। জনগণের সমর্থনে সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে সেই কাজ শুরু করতে পেরেছি।’
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। ‘আমরা যেকোনো মূল্যে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত খুশি ও আবেগের দিন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত সপ্তাহে কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকার জনগণ নির্বাচিত করেছে। তাই স্বাভাবিকভাবেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।’
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।