এক ক্লিকে জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

জামিন পাওয়ার পর আদালতের আদেশ কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় বন্দিদের যে ভোগান্তি পোহাতে হয়, তা নিরসনে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা চালু হচ্ছে। এর ফলে আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, একজন আসামিকে আদালত থেকে জামিন পাওয়ার পর মুক্তি পেতে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়, হয়রানিরও শিকার হতে হয়। এসব বন্ধে আমরা অনলাইন বেইল বন্ড চালু করছি। বুধবার থেকে পাইলট প্রকল্প শুরু হবে। এখন থেকে আদালতের রায় দেওয়ার পর জামিননামা এক ক্লিকে সংশ্লিষ্ট জেলখানায় চলে যাবে। এতে আর দেরি বা হয়রানির সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, এই উদ্যোগটি আমরা আইন মন্ত্রণালয় থেকেই করেছি। কোনো বাইরের সহযোগিতা নেই। সরকারের নিজস্ব অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে।

নিজ মন্ত্রণালয়ের আর্থিক সক্ষমতা প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ হাজার ৬০০ কোটি টাকা আছে, রেজিস্ট্রার অফিসে ১ হাজার ৫০০ কোটি টাকা আছে। আমরা চাইলে নিজের অর্থেই অনেক ভালো কাজ করতে পারি

বিচার বিভাগের কাঠামোগত সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক।

All Categories