এক বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে, শত শত বীর তুলে নেবে: ইরানের প্রেসিডেন্ট
চার দিন ধরে চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেছেন, শত্রুরা হামলা চালিয়ে ইরানকে দুর্বল করতে পারবে না। দেশের ওপর চেপে বসা আগ্রাসনের বিরুদ্ধে তিনি ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই তেহরানের।
সোমবার (১৬ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত এক প্রতিবেদনে এই বক্তব্যের বিস্তারিত তুলে ধরা হয়।
বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রুরা মারধর, হত্যা, হামলার মধ্য দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না। একজন বীর পতাকা ফেললে, শত শত বীর সেই পতাকা তুলে নেবে। তাঁরা কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
তিনি বলেন, ইরানিদের কখনোই আগ্রাসনকারী বলা যায় না। কিন্তু আমাদের ওপর যে আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সবাইকে হাতে হাত রেখে প্রতিরোধ গড়তে হবে।
ইসরায়েলি হামলার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পেজেশকিয়ান বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার করে। আমাদের পারমাণবিক কর্মসূচি কখনোই সামরিক নয়, আর আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না।
তিনি আরও জানান, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। ‘আমরা সংলাপে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা চলছে, বলেন তিনি।
চার দিনের ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ২২৪ জন। আহত হয়েছেন ১২০০-এর বেশি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র গোয়েন্দা প্রধানসহ নিহত হয়েছেন একাধিক জেনারেল। ক্ষতিগ্রস্ত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব, হাইফা, জেরুজালেমসহ অন্তত চারটি এলাকায়।
চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।