ঈদে ফাঁকা ঢাকা,তবু বাতাসে নেই স্বস্তি— দূষিত শহরের তালিকায় তৃতীয়
ঈদুল আজহার ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। যানবাহনের সংখ্যা কম, কলকারখানাও বন্ধ। কিন্তু এরপরও কমছে না বায়ুদূষণ। রোববার, ঈদের পরদিন সকাল সোয়া আটটার দিকে ঢাকার গড় বায়ুমান ছিল ১৫০—যা আইকিউএয়ারের মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, আজ রোববার বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি (স্কোর ১৬৭)। দ্বিতীয় অবস্থানে চিলির সান্তিয়াগো।
ঢাকার সবচেয়ে দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে গুলশানের লেকপার্ক অঞ্চল, যেখানে আজকের গড় বায়ুমান ১৬৩। এছাড়া কল্যাণপুর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, এবং মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা দূষণে শীর্ষে।
বায়ুমান সূচক অনুযায়ী, বাতাসের মান যদি ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকে, তবে সেটি ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
আইকিউএয়ারের আজকের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাবাসীকে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা জায়গায় ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি জানালা-দরজা বন্ধ রেখে ঘরে থাকা এবং বায়ুর মান পর্যবেক্ষণে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যানবাহন ও নির্মাণকাজ বন্ধ থাকলেও বাতাসে জমে থাকা ধুলাবালি ও গ্যাস দূষণের অন্যতম কারণ। বৃষ্টির অনুপস্থিতিতেও দূষণের মাত্রা বেড়ে যায়।