এবার তারেক রহমান নিজেই বললেন, ‘২৫ তারিখে দেশে যাচ্ছি’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ওই সভায় তারেক রহমান বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবের দিন। একই সঙ্গে এটি তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে যাচ্ছেন।
বক্তব্যে দলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সামনে সময় সহজ হবে না। তবে সবাই একসঙ্গে থাকলে দলের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ঐক্যের মাধ্যমেই একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে বলে তিনি বিশ্বাস করেন।