এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন— মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আদালত কক্ষ আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

রায়ে আপিল বিভাগ বলেন, চলমান অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।

গত ১১ নভেম্বর শুনানি শেষে আজ রায়ের তারিখ নির্ধারণ করা হয়। শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি দেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হলেও সামনের নির্বাচন এর আওতায় অনুষ্ঠিত হবে না; সেটি হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে পরবর্তী, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন পরিচালিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আইনি লড়াইয়ে গতি পায়।

চলতি বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত এবং আপিলের অনুমতি দেন। পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

All Categories