এ সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, রোডম্যাপের খসড়া প্রস্তুত হয়ে গেছে এবং তা কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। “কর্মপরিকল্পনায় আন্তঃঅনুবিভাগীয় সমন্বয়সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি, এই সপ্তাহেই রোডম্যাপ চূড়ান্তভাবে প্রকাশ করা সম্ভব হবে,” বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে আপাতত কোনো শঙ্কার কারণ নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং কমিশনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
তিনি আরও জানান, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের জন্য ফোকাল পারসন নির্ধারণ, পরিপত্র ও নির্দেশনা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে ভোটার তালিকা ও সীমানা নির্ধারণের বিষয়েও অগ্রগতি হয়েছে। মোট ৮৩টি আসন নিয়ে আসা আপত্তির শুনানি ২৪ আগস্ট থেকে টানা চার দিন চলবে।
এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, প্রায় ৮০ হাজার আপিল জমা পড়েছে, তবে সংখ্যা ধীরে ধীরে কমছে। “ডেটা এন্ট্রি প্রক্রিয়া আরও উন্নত হলে এই সংখ্যা আরও কমে আসবে। তবে এটি চলমান প্রক্রিয়া, তাই কিছু আবেদন থাকবেই,” উল্লেখ করেন তিনি।
ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না, তবে যৌক্তিক কারণে সমন্বয় আনা হতে পারে। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ৩ হাজার ভোটার এবং বুথপ্রতি ৫০০ থেকে ৬০০ ভোটারের ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে।
রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে তিনি জানান, ২২টি দলের আবেদন মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। যাদের আবেদন বাতিল হয়েছে বা গ্রহণযোগ্য নয়, তাদেরকে কারণ উল্লেখ করে জানানো হবে।
আখতার আহমেদ বলেন, “আমরা চাই, সব কাজ আগে থেকেই শেষ করতে। শেষ মুহূর্তে হুড়োহুড়ি না করে সময়ের আগেই প্রস্তুতি নিলে সমন্বয় ভালো হয়, আর দায়িত্ব আরও সুচারুভাবে পালন করা সম্ভব হয়।”