দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ প্রত্যাশার কথা জানান তিনি।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে অঙ্গীকার করেন। একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকের আগে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ও মালয়েশিয়ার দুই প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের।

All Categories