দুর্বল শাসন কাঠামোই সরকার পরিবর্তনের মূল কারণ: অজিত দোভাল

দুর্বল শাসনব্যবস্থাই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে সরকার পরিবর্তনের মূল কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

শনিবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে দোভালের বক্তব্য উদ্ধৃত করে এনডিটিভি জানায়, কার্যকর শাসন কাঠামোর অভাব অনেক সময় একটি দেশের সরকারের পতন ডেকে আনে। তাঁর মতে, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় অনানুষ্ঠানিক বা অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পেছনেও এমন শাসনগত দুর্বলতা কাজ করেছে।

দোভাল বলেন, রাষ্ট্রের শক্তি নিহিত আছে এমন এক শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। আজকের প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা, কারণ তারা এখন অনেক বেশি সচেতন ও প্রত্যাশাপূর্ণ।

তিনি আরও বলেন, একটি জাতির আসল শক্তি তার প্রতিষ্ঠানভিত্তিক শাসন কাঠামোতে। যখন সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন সেই ব্যক্তিদের গুরুত্ব সবচেয়ে বেশি, যারা এসব প্রতিষ্ঠান গড়ে তোলেন ও কার্যকরভাবে পরিচালনা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে অজিত দোভাল বলেন, ভারত এখন ‘নতুন শাসন মডেল, সমাজ কাঠামো ও বৈশ্বিক অবস্থানের এক রূপান্তরমুখী সময়ের মধ্য দিয়ে এগোচ্ছে।’ দুর্নীতি দমনে সরকারের আনা প্রাতিষ্ঠানিক পরিবর্তন ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।

ভালো শাসনের মূল উপাদান হিসেবে তিনি নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি যেমন জনসেবাকে আরও দক্ষ করে, তেমনি সাইবার হুমকির বিরুদ্ধে সজাগ থাকতে না পারলে তা বড় ঝুঁকিতেও পরিণত হতে পারে।

All Categories