দুর্গাপূজার সাজে সেজেছে ঢাকা, ঐতিহ্যবাহী মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি
আর মাত্র একদিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী পূজামণ্ডপ ও খামারবাড়ি পূজামণ্ডপসহ পুরান ঢাকার অলিগলির প্রায় সব মণ্ডপেই শেষ মুহূর্তের সাজসজ্জা শেষ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি মণ্ডপে চলছে আলো-রঙের উৎসব। বাঁশ-কাঠের কাঠামোর ওপর রঙিন কাপড়ের আবরণ, ঝলমলে আলোকসজ্জা আর দৃষ্টিনন্দন প্রতিমা মিলিয়ে ফুটে উঠেছে অপূর্ব শৈল্পিক রূপ। রাজধানীর সনাতন ধর্মাবলম্বীরা মহাষষ্ঠীর অপেক্ষায় অধীর হয়ে আছেন। পরিবার নিয়ে তারা প্রতিবারের মতো এবারও ঐতিহ্যবাহী মণ্ডপগুলোতে ঘুরে দেখার পরিকল্পনা করেছেন।
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান পূজামণ্ডপ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এখন ভক্তদের ভিড় শুরু হয়ে গেছে। মহালয়া থেকেই এখানে প্রতিদিন ভক্তি আর নিষ্ঠার সঙ্গে পূজা হচ্ছে। দর্শনার্থী পার্থ সাহা বলেন, দেশ–বিদেশ থেকে অসংখ্য মানুষ ঢাকেশ্বরী মন্দিরে আসেন। বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও সন্ধ্যা আরতি দেখার জন্যও এখানে প্রচুর মানুষের সমাগম হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত রমনা কালীমন্দির দুর্গাপূজার আরেকটি বড় আয়োজন। পাঁচ শতাধিক বছরের ইতিহাস বহনকারী এই মন্দিরে প্রতিবছরের মতো এবারও মেলা বসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল চন্দ্র বর্মণ বলেন, ‘আমাদের পরিবার ঢাকা এলে প্রথমে রমনা মন্দিরেই যায়। এখান থেকেই পূজার আনন্দ শুরু হয়।
টিকাটুলির রামকৃষ্ণ মিশন মন্দির রাজধানীতে কুমারীপূজার জন্য বিশেষভাবে পরিচিত। মহাঅষ্টমীতে এখানে ভক্তদের ঢল নামে। স্থানীয় বাসিন্দা সুদেব দাশ বলেন, ‘কুমারীপূজা দেখতে চাইলে রাজধানীতে রামকৃষ্ণ মিশনের বিকল্প নেই। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন।’
কৃষিবিদ ইনস্টিটিউটের পাশে অবস্থিত খামারবাড়ি পূজামণ্ডপ প্রতিমা, আলোকসজ্জা ও কাঠামোশৈলীর কারণে দর্শনার্থীদের নজর কাড়ে। স্থানীয় বাসিন্দা অরূপ আচার্য বলেন, ‘রাজধানীর সবচেয়ে সুন্দর পূজামণ্ডপ এটি। রাতের বেলায় এর সৌন্দর্য আরও বেড়ে যায়।
রাজধানীর ব্যয়বহুল পূজামণ্ডপ হিসেবে পরিচিত বনানী পূজামণ্ডপ এবারও জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। এখানে প্রতিমা ও আলোকসজ্জার পাশাপাশি রাজধানীর অভিজাত শ্রেণীর ভক্তদের উপস্থিতিই বিশেষ বৈশিষ্ট্য। স্থানীয় বাসিন্দা জগদীশচন্দ্র বলেন, ‘প্রতিবছরের মতো এবারও বনানী পূজামণ্ডপ প্রাণবন্ত হয়ে উঠেছে। রাতের আয়োজন আরও মনোমুগ্ধকর।
এ ছাড়া পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকাতেও দারুণভাবে সেজেছে পূজামণ্ডপগুলো। প্রতি বছরই এসব মণ্ডপে দেশ–বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ভিড় করেন।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। রাজধানীর সনাতন ধর্মাবলম্বীরা এখন মহাষষ্ঠীর প্রতীক্ষায়।