দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুই হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় গত ২ মার্চ ও ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আইভীকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেন। ওই মামলাগুলোতে আজ জামিন পেলেন তিনি।
এদিকে, সাবেক এই মেয়রের আরও ৫টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী রোববার (৩ মে) আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। হাইকোর্ট ইতিপূর্বে ৫টি মামলায় তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন।
সবশেষ গত বছরের ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় জামিন পেলেও পরবর্তী সময়ে তাও স্থগিত হয়ে যায়। আজকের এই আদেশের ফলে সিদ্ধিরগঞ্জের মামলা দুটিতে তার জামিন নিশ্চিত হলো। তবে অন্যান্য মামলায় জামিন স্থগিত থাকায় তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।