দুই লাখ ছোঁয়ার দোরগোড়ায় স্বর্ণ, ভরিপ্রতি দামে নতুন রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের মূল্য। নতুন করে ভরিপ্রতি ৪,৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন এই দাম মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকায় দেখা যাচ্ছে: ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১,৭২,৫৪৬ টাকা,২১ ক্যারেটের দাম ১,৬৪,৬৯৬ টাকা,১৮ ক্যারেটের দাম ১,৪১,১৬৯ টাকা,সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,১৬,৭৮০ টাকা

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর মাত্র দুই দিন আগে, ১৯ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যা ২০ এপ্রিল থেকে কার্যকর হয়। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। সেই তুলনায় নতুন দামে ভরিপ্রতি ৪,৭১৩ টাকা বৃদ্ধি পেল।

চলতি বছরে এ নিয়ে ২৪ বার সমন্বয় করা হলো দেশের স্বর্ণের দাম। এর মধ্যে ১৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ৬ বার। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়লেও দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে: ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ২,৫৭৮ টাকা,২১ ক্যারেট ২,৪৪৯ টাকা,১৮ ক্যারেট ২,১১১ টাকা,সনাতন পদ্ধতির রুপা ১,৫৮৬ টাকা

ঘন ঘন এই মূল্যবৃদ্ধির কারণে বাজারে গুঞ্জন চলছে স্বর্ণের ভরি কি এবার দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে?

All Categories