দ্রুত সংস্কার শেষে নির্বাচন করার কথা জাতিসংঘ মহাসচিবকে বলেছে বিএনপি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছেন বিএনপিই প্রথম দল হিসেবে নির্বাচনী সংস্কারের বিষয়ে কথা বলেছে। দলটি নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা এবং তার দ্রুত বাস্তবায়নের জন্য নির্বাচনকেন্দ্রিক বিষয়গুলো দ্রুত সম্পন্ন করার আহ্বান জানায়। একইসঙ্গে জাতীয় নির্বাচনের পর সংসদে অতিরিক্ত সংস্কারের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা বলে বিএনপি।

শনিবার দুপুরে রাজধানী ঢাকার শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকটি জাতিসংঘের উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনার অংশ ছিল যেখানে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে বিএনপি নেতারা জাতিসংঘের মহাসচিবকে দেশের নির্বাচনব্যবস্থা সংস্কারের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেছেন। মির্জা ফখরুল বলেন আমরা যে সংস্কারের কথা বলে আসছি সে বিষয়গুলো জাতিসংঘের মহাসচিবের কাছে তুলে ধরেছি। আমাদের মূল বক্তব্য ছিল সংস্কার প্রয়োজন তবে তা দ্রুত হতে হবে বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো যাতে দ্রুত সম্পন্ন করা যায় এবং নির্বাচন আয়োজিত হয়।

এই সংস্কার প্রক্রিয়া চলমান থাকতে হবে। নির্বাচন হলে তারপর সংসদে বাকি সংস্কারগুলো কার্যকর করা যেতে পারে।তবে জাতিসংঘের মহাসচিব কোন মন্তব্য করেননি এবং নির্দিষ্ট সময়সীমা কিংবা নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি।

একই প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন জাতিসংঘের মহাসচিবের তরফ থেকে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাচনী সংস্কার এবং নির্বাচন একটি অভ্যন্তরীণ বিষয়।বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং আগামী নির্বাচন একটি আন্তর্জাতিক নজির সৃষ্টি করবে।

মির্জা ফখরুল বলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠককে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা হিসেবে দেখছেন যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী সংস্কারকে আরও সুসংহত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 

All Categories