ডিসেম্বরের মধ্যেই ভোট হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোটটি সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার হাজা লাহবিবের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

এদিকে, চলতি বছর রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগণ এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটির সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো অর্থ সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর কমিশনার বলেন, যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক অনুদানের তুলনায় বেশি, তবে এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতি অবনতি রোধের জন্য যথেষ্ট নয়। তহবিলের ঘাটতি ক্রমশ বাড়ছে, যা সংকট আরও গভীর করছে।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্তি করে বলেন, "এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা, যা বছরের পর বছর ধরে চললেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। এর সমাধান কখন হবে, তার কোনো সময়সীমা নির্ধারিত নয়।

ইইউ কমিশনার আরও বলেন, এই সংকটের একমাত্র সমাধান হলো শান্তি এবং আমাদের সব ধরনের দুর্যোগ, যার মধ্যে মানবসৃষ্ট দুর্যোগও অন্তর্ভুক্ত, মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

ঘণ্টাব্যাপী বৈঠকে, তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, জ্বালানি সংযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, "নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইইউ'র সহায়তা গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিকে উত্তরণের পথ সুগম করবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে।     

ইইউ কমিশনার অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, "আপনি একটি ব্যতিক্রমী সময়ে অসাধারণ কাজ করেছেন। আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর কাকরাইল এলাকায় আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে বলেছেন, "আমরা চাই বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমরা এমন একটা সমাজ গড়তে চাই, যেখানে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাজ আর প্রয়োজন না হয়।

এর আগে, তিনি আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন "আঞ্জুমান জে আর টাওয়ার" এর উদ্বোধন করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি গোলাম রহমান, এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি মুফলেহ আর ওসমানী।

 

All Categories