ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম হলো নির্বাচন এবং তা ডিসেম্বরের মধ্যে হলে দেশ সঠিক পথে থাকবে। তিনি মনে করেন, সবাই ডিসেম্বরকেই "কাট-অফ টাইম" হিসেবে ধরে নিয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এসব কথা বলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমীর খসরু ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আমীর খসরু বলেন,দেশে এবং দেশের বাইরে নির্বাচন নিয়ে সবাই ভাবছে কবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। একটি সরকার থাকলেও এখনো গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। জনগণের সমর্থিত একটি সরকার এবং দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠা করা গেলে দেশের বহু সমস্যা সমাধান হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১৭ বছর ধরে সংগ্রাম করছি। এটি ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের সমর্থন ছাড়া কোনো প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থা এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিশেষ করে, নির্বাচন ও বিভিন্ন কমিশনের সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে আলোচনা হয়।
তিনি আরও বলেন,যে সংস্কার বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আর যেখানে মতপার্থক্য থাকবে, সেসব বিষয় রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করবে। জনগণের মতামতের ভিত্তিতে সংসদে আলোচনা ও বিতর্কের মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিএনপি নেতা আশা প্রকাশ করেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশ কাঙ্ক্ষিত পথের দিকে এগিয়ে যাবে এবং জনগণ তাদের অধিকার ফিরে পাবে।