ডিবির হারুনসহ ডিএমপির ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশীদসহ মোট ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ–১ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এতে তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘পলায়ন’ সংক্রান্ত অভিযোগ গঠিত হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাঁদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তকালীন সময় তাঁরা খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ কার্যকর করা হয়েছে।