‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার মন্তব্যে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী 'ধর্ষণ' শব্দটি এড়িয়ে চলার বিষয়ে দেয়া মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সোমবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন এবং বলেন, ‘‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।
এটি ঘটে শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনারের দেয়া বক্তব্যের পর। তিনি সেদিন বলেন, আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ‘ধর্ষণ’। আপনাদের (গণমাধ্যম) কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে সেগুলো আমরা না বলি।
ডিএমপি কমিশনারের এই মন্তব্যের পর তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তার মন্তব্যকে অত্যন্ত বিতর্কিত এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন মন্তব্য অগ্রহণযোগ্য। তিনি ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ধর্ষকদের পক্ষ নিচ্ছেন, যা কোনোভাবেই সহ্য করা যায় না। তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত।
রোববার (১৬ মার্চ) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন এখনই! শীর্ষক মানববন্ধনে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা কার্যালয়ও ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। রবিবার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘ধর্ষণ ধর্ষণই, তা ৮ বছর বয়সী কিংবা ৮০ বছর বয়সী যে কোনো ব্যক্তির সঙ্গেই ঘটুক না কেন, এটি একটি জঘন্য অপরাধ। এই ধরনের অপরাধের যথাযথ নামেই তা অভিহিত করা উচিত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না এবং দেশের নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বা নির্যাতন বরদাস্ত করবে না।