ঢাকায় ৬ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস
রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামেনি আজ বুধবার সকাল পর্যন্তও। এতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও পথচারীরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২০৩ মিলিমিটার, যা চলতি বছরের সর্বোচ্চ।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, ঢাকায় ছয় ঘণ্টায় যে বৃষ্টিপাত হয়েছে, তা দেশের সর্বোচ্চ। সম্ভবত এটিই এ বছর রাজধানীর সর্বোচ্চ বৃষ্টিপাত।
তিনি আরও জানান, পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হলেও এই বৃষ্টিপাত তার কারণে নয়। গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবেই রাজধানী ও অন্যান্য অঞ্চলে এমন ভারী বৃষ্টি হচ্ছে।
শুধু ঢাকাই নয়, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গাতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিনই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের প্রবণতা আগামী ৪ অক্টোবর পর্যন্ত কমবেশি অব্যাহত থাকতে পারে।