ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূকম্পন
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে হালকা কম্পনটি অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালীগঞ্জ এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। মৃদু হওয়ায় অনেকে কম্পন টের পাননি।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকালেই তীব্র ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। সেই ভূমিকম্পে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়, আহত হন ছয় শতাধিক মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছিল, ঐ দিনের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
নরসিংদীতেই সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়। ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া, ভবন হেলে পড়া ও ফাটল সৃষ্টি–এসব ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ে।
প্রতিদিনের বিভিন্ন ছোট–বড় কম্পনের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল এখনো আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।