ঢাকার সাতরাস্তা এলাকায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ অবরোধে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাকসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সকালে প্রথমে ক্যাম্পাসে জড়ো হন। পরে মিছিল নিয়ে সাতরাস্তা মোড়ে এসে সড়ক অবরোধ শুরু করেন। এতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সকাল ১১টার পর থেকে শিক্ষার্থীরা সাতরাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, উত্তরা-মগবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে, শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

কারিগরি শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলেছেন। এর মধ্যে রয়েছে—প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের গুলি ও হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবির পক্ষে পরিচালিত কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা। কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবির পূর্ণ বাস্তবায়ন। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

All Categories