ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের
রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ একাধিক এলাকায় এই গন্ধ পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে হঠাৎ বাতাসে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় এলাকার গ্যাসচুলা বন্ধ করে দেন।
তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেখান থেকে গন্ধ ছড়াতে পারে। আবার কোথাও কোথাও পাইপলাইনে লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া যায়।
তিনি আরও বলেন, এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে কোন এলাকায় এমন গন্ধ পাওয়া যাচ্ছে, তা তিতাসের হেল্পলাইনে জানালে আমাদের জরুরি প্রতিক্রিয়া দল (ইমার্জেন্সি রেসপন্স টিম) দ্রুত সেখানে পৌঁছে যাবে।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, গন্ধের উৎস শনাক্তে তাদের টিম ইতিমধ্যে কয়েকটি এলাকায় কাজ শুরু করেছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।