ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী, সফরে কী কী করবেন
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। বেলা দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে তিনি নামেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
ঢাকা সফরের সময় ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক নেতার সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্র জানায়, তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
অগাস্টের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য হিসেবে ঢাকায় এসেছেন ইসহাক দার। এর আগে জুলাইয়ে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এবং গত বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরের দ্বিতীয় দিনে রোববার তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তভাবে সইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
চুক্তির মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা।
কূটনৈতিক সূত্র জানায়, তিন দিনের সফরে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন।