ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে মঙ্গল শোভাযাত্রার নাম চূড়ান্ত হবে: সংস্কৃতি উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষ পহেলা বৈশাখে অনুষ্ঠিত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ফারুকী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে আলোচনা করছে। তারা ১০ এপ্রিল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।

তিনি আরও বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে আমাকে বলা হয়েছিল, নাম অপরিবর্তিত রাখা হবে এবং তা মঙ্গল শোভাযাত্রাই থাকবে। তবে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কারণ তারা এই শোভাযাত্রার আয়োজন করে।

বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম ঐতিহ্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আয়োজিত ‘মঙ্গল শোভাযাত্রা’ প্রতি বছর পহেলা বৈশাখে অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালে প্রথমবারের মতো এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল, যা তখন ‘আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে এর নাম পরিবর্তিত হয়ে ‘মঙ্গল শোভাযাত্রা’ হয়।

এদিকে, ২৩ মার্চ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

All Categories