ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। বেলা ১১টা ১০ মিনিটে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১৭ সংসদীয় আসনটি গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের প্রার্থী হওয়ার কথা আগে শোনা যাচ্ছিল। ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছিল, ঢাকা-১৭ ছিল তার একটি।

বিএনপি সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দালিভ রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন।

এ ছাড়া বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

All Categories