দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে নির্বাচনকেই দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,বর্তমান সংকট মোকাবিলার জন্য দ্রুত নির্বাচনের আয়োজন করা দরকার। প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন এনে নির্বাচন অনুষ্ঠিত করাই হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত পদক্ষেপ।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, আমরা বার বার বলছি, চলমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। দেশের রাজনৈতিক ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি সবকিছুকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দুবছর আগেই দেওয়া হয়েছে, যা রাষ্ট্র সংস্কারের জন্য যথেষ্ট। তারপরও আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের প্রস্তাব পরীক্ষা করছি এবং আমাদের মতামত উপস্থাপন করছি।

তিনি আরও বলেন,ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন দেশের জনগণ সুসময়ের অপেক্ষায় রয়েছে। ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এ সময়ে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং গণতন্ত্রের পথ সুগম করার লক্ষ্যে সচেষ্ট হতে হবে।

ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন,আমাদের গণতান্ত্রিক পথ যেন উগ্রবাদে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আবেগ বা অলীক ধারণা থেকে নয়, বরং বাস্তববাদী চিন্তার মাধ্যমে পরিবর্তনকে সামনে রেখে নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি জনগণকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন,সতর্কতার সঙ্গে পথ পাড়ি দিতে হবে। সবাই মিলে দায়িত্ব নিয়ে এই পরিবর্তনের সময়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

বিএনপি মনে করে, দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংসদ গঠনের অপেক্ষায় রয়েছে জনগণ।

 

All Categories