দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ,সরকারকে পুরো দায় নিতে হবে: মির্জা ফখরুল
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় সরকারকে পুরো দায় নিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তাঁর আত্মার মাগফেরাত কামনা করছে, ঠিক সেই সময়ে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা চালানো হয়েছে।
এই ঘটনাকে সন্ত্রাস হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগাতে যারা অপেক্ষা করে, তারা এ দেশের শত্রু। তারা সংকটের সুযোগ নেয়। আজকের এই শোকাবহ পরিস্থিতিকে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করেছে।
মির্জা ফখরুল আরও বলেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন। দেশে নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। হাদির হত্যাকারীদের বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার নিশ্চিত করতে হবে। প্রায় এক বছরের বেশি সময় ধরে এ ধরনের মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। এ লক্ষ্যে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব।