দেশে দুর্নীতি এখনও রয়ে গেছে: টিআই চেয়ারম্যান
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি দূর হয়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি এখনো আছে। তবে এটা বেড়েছে নাকি কমেছে তা বলার জন্য এখনো সময় আসেনি।
ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, সাবেক সরকারের শেষের দিকে দুর্নীতি ব্যাপক আকার নিয়েছিল। গত বছরের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি। যেসব প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির মামলায় অভিযুক্ত, সেসব মামলার যথাযথ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার তাগিদ দেন তিনি। তাঁর মতে, যেসব দেশ তা করতে পেরেছে, তারাই দুর্নীতি ধারণা সূচকে (সিপিআই) নিজেদের অবস্থান উন্নত করতে সক্ষম হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি প্রসঙ্গ টেনে টিআই চেয়ারম্যান বলেন, যদি সাংবাদিক, নাগরিক সমাজের কর্মী ও মানবাধিকারকর্মীরা হুমকি, সহিংসতা কিংবা হয়রানির মধ্যে থাকেন, তবে ক্ষমতার অপব্যবহার বন্ধ করা বা জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব নয়। নাগরিকদের তথ্য জানানো ও সত্য প্রকাশ করা গণতন্ত্রের জন্য অপরিহার্য। তাই সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে।
বাংলাদেশ সফরের গুরুত্ব তুলে ধরে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ জানান, তাঁর এ সফরের আগে তিনি মালদ্বীপ ও শ্রীলঙ্কায় গেছেন। বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই সফর শেষ হচ্ছে। “এ সফর শুধু প্রতীকী নয়, দুর্নীতিবিরোধী বৈশ্বিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানোর উদ্দেশ্যও রয়েছে।