ডাকসু: নিয়ম ভাঙেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল!
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খানকে ঘিরে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ওই অংশে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, “প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না, খোঁজ নিয়ে দেখছি।” পরে জগন্নাথ হলের ভোটকেন্দ্রে গিয়ে তিনি আরও জানান, “আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।”
নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারা তুলে প্রথম আলো জানিয়েছে, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট ও রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তিরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ, প্রার্থীর প্রবেশ আইনসম্মত।
আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছিলেন। তবে এ বিষয়ে দুপুরে রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।