ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় আটটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এখন চলছে ফলাফলের প্রতীক্ষা।

দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। বিপুলসংখ্যক শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দাবি করেছেন, নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়েছে। তবে কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনায় পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও ছিল। ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা একে অপরকে আগে থেকে ব্যালটে দাগ দেওয়ার অভিযোগ করেন। ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ও স্বতন্ত্র প্রার্থীরাও ভোটকেন্দ্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন।

এদিকে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চ্যানেল এস-এর রিপোর্টার তরিকুল ইসলাম। দুপুরে কার্জন হলে অচেতন হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে ছিল কড়া নিরাপত্তা। পুলিশ ও বিজিবি সদস্যরা সারাদিন দায়িত্ব পালন করেছেন। এবার ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হলে ২৩৪টি পদে লড়েছেন ১,০৩৫ জন প্রার্থী।

All Categories