ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারারাত ধরে চলে ভোটগণনা। বুধবার সকাল সোয়া আটটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট।
ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পান ১ হাজার ১০৩ ভোট।
নির্বাচনে বেশিরভাগ পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। তবে ফল ঘোষণার পর কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা ও আবিদুল ইসলাম খান।
এ বিষয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, “এই নির্বাচনে কোনও কারচুপি হয়নি, বরং এটি একটি মডেল নির্বাচন।”