ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার স্পষ্ট ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সেনা মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মুহূর্তে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই।

এ প্রসঙ্গে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, আমাদের পরিকল্পনায় সেনা মোতায়েনের বিষয়টি রাখা হয়েছে। যদি প্রয়োজন হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে এই সহযোগিতা চাইব। তবে এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।

রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল হক বলেন, শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার দাবির পরিপ্রেক্ষিতেই সেনা মোতায়েনের বিষয়টি আলোচনায় আসে। তিনি জানান, শিক্ষার্থীদের দাবিতে ভোটকেন্দ্রগুলো আবাসিক হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোট দেওয়ার সুবিধার্থে বুথ বাড়ানো হচ্ছে। শতভাগ ভোটার উপস্থিত হলেও সবাই ভোট দিতে পারবেন, কোনো অনিয়ম হবে না, বলেন তিনি।

আচরণবিধি–সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী জানান, ক্যাম্পাসে বর্তমানে কোনো ব্যানার-ফেস্টুন নেই। প্রক্টর অফিসের তত্ত্বাবধানে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। প্রার্থীরা শুধু হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করতে পারবেন।

তিনি আরও বলেন, চারুকলায় আচরণবিধি ভঙ্গের একটি অভিযোগ পাওয়া গেছে, যার তদন্ত চলছে। এ ছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্রে গানবাজনার মাধ্যমে ইশতেহার ঘোষণার অভিযোগে এক প্রার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছিল। তার জবাবের ভিত্তিতে সতর্ক করা হয়েছে। আবারও আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

All Categories