ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়েছে আইএসপিআর।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বিশেষ করে ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

তবে এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করে সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে পারে।

সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যও এটি যেন একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করে।

বিবৃতির শেষে সেনাবাহিনী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা জানিয়েছে।

All Categories