ডাকসু: চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

 অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

 মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রাব্বানী কেন্দ্রীয় ও হল সংসদের ব্যালট বাক্স সবার সামনে ফাঁকা দেখিয়ে সিলগালা করেন। এ সময় প্রার্থীদের পোলিং এজেন্ট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসার জানান, ব্যালট বাক্স সম্পূর্ণ ফাঁকা রেখে সিলগালা করা হয়েছে। বড় বাক্সে কেন্দ্রীয় সংসদ ও ছোট বাক্সে হল সংসদের ব্যালট পড়বে। ভোট শেষে সকলের উপস্থিতিতে বাক্স খোলা হবে এবং গণনা সম্পন্ন হবে।

ডাকসুর ভোটার তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য লড়ছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী।

এবার ডাকসুর ব্যালট আকারে বড় করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ব্যালট থাকবে পাঁচ পৃষ্ঠার এবং হল সংসদের এক পৃষ্ঠার। ভোট গ্রহণ করা হবে অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) শিটে। প্রতি ভোটারের জন্য আট মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ভোটারদের ভোগান্তি কমাতে বুথ সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০ করা হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। তারা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করছেন।

নির্বাচনে অংশ নিয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থী। ভিপি ও জিএসসহ গুরুত্বপূর্ণ পদে এবার নারী প্রার্থীর অংশগ্রহণও উল্লেখযোগ্য।

All Categories