ড. ইউনূসের সঙ্গে লন্ডনে দেখা করতে চান টিউলিপ
যুক্তরাজ্যের এমপি ও দেশটির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়েছেন। রোববার (৮ জুন) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ড. ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে তাকে একটি চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' মামলার বিষয়টি ব্যাখ্যা করতেই এই বৈঠক চান তিনি।
টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তার খালার শাসনামলে তিনি এবং তার মা প্রভাব খাটিয়ে ঢাকার একটি অভিজাত এলাকায় ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট নিয়েছেন। তবে টিউলিপ ও তার আইনজীবীরা এই অভিযোগগুলো ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
চিঠিতে টিউলিপ লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে সাক্ষাতের সুযোগ পেলে, আমার খালার (শেখ হাসিনা) সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নে আমার অবস্থান স্পষ্ট করার সুযোগ পাবো।
তিনি আরও উল্লেখ করেন, আমি লন্ডনে জন্ম নেওয়া একজন ব্রিটিশ নাগরিক। গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও আমি সেখানে জন্মাইনি, থাকি না, এমনকি কোনো ব্যবসায়িক স্বার্থও নেই।
চিঠিতে টিউলিপ অভিযোগ করেন, তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব মেলেনি। বরং দুদক একটি ‘অজানা ঠিকানায়’ নথিপত্র পাঠাচ্ছে। তিনি বলেন, তথাকথিত এই তদন্তের প্রতিটি ধাপ সংবাদমাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি।
তিনি আরও লিখেছেন, আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন, এসব অভিযোগ কীভাবে আমার সাংসদ হিসেবে দায়িত্ব পালনে এবং দেশের প্রতি আমার অঙ্গীকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ডবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস তদন্ত শেষে টিউলিপকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তিনি নিজেই পদত্যাগ করেন। তার ভাষ্য, এই বিতর্ক লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারের সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে।
ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন লন্ডনে সফরে যাচ্ছেন। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে 'কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫' গ্রহণ করবেন। এ ছাড়া লন্ডনের থিংক ট্যাংক চ্যাথাম হাউজে অংশগ্রহণ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে তার।