চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া হবে কিনা, রায় ৪ ডিসেম্বর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষে আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি বিদেশি প্রতিষ্ঠানের চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট আবেদন করেন। গত ৩০ জুলাই চুক্তিটি বাতিল ঘোষণার আবেদন করে রিটটি দায়ের করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। এরপর গত ১৯ নভেম্বর থেকে রুলের ওপর বিস্তারিত শুনানি শুরু হয়।
গত ২০ নভেম্বর রুল শুনানিকালে চুক্তি–সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখতে সরকারকে মৌখিক নির্দেশ দেন হাইকোর্ট।
আজকের শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো নিউমুরিং কনটেইনার টার্মিনাল। ২০০৭ সালে নির্মিত এই টার্মিনালে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। দেশের আমদানি–রপ্তানির বড় অংশের কনটেইনার ওঠানামা হয় এই টার্মিনাল দিয়েই।