চিনির পাত্রে পিঁপড়া? তাড়াবেন যেভাবে

গরম পড়তেই অনেক বাড়িতেই পিঁপড়ার উপদ্রব শুরু হয়েছে। বিশেষ করে বর্ষার আগে ও মাঝেমধ্যে হওয়া বৃষ্টিতে এই সমস্যা আরও বাড়ে। কোথাও খাবার রেখে নিশ্চিন্ত থাকার উপায় নেই যেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় চিনির কৌটা নিয়ে। যেখানে রাখুন না কেন, পিঁপড়ারা ঠিকই পৌঁছে যায়।

তবে কিছু সহজ টিপস মেনে চললে এই উপদ্রব অনেকটাই কমানো সম্ভব। জেনে নিন কীভাবে চিনির কৌটাকে পিঁপড়ার হাত থেকে রক্ষা করবেন—

সঠিক পাত্র বাছাই করুন

চিনি সংরক্ষণের জন্য বেছে নিন স্টিল বা কাচের বায়ুনিরোধক পাত্র। পাত্রের ঢাকনা যেন ভালোভাবে আটকানো থাকে, তা নিশ্চিত করুন। এতে করে আর্দ্রতা ঢুকবে না, চিনিও থাকবে নিরাপদে।

লবঙ্গ ব্যবহার করুন

চিনির কৌটার মধ্যে ২–৩টি লবঙ্গ রেখে দিন। লবঙ্গের তীব্র গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। ফলে তারা ওই পাত্রের ধারে-কাছেও আসবে না।

তেজপাতার গন্ধেও কাজ হবে

লবঙ্গ ছাড়াও তেজপাতাও কার্যকর। চিনির পাত্রে একটি বা দুটি শুকনো তেজপাতা রেখে দিন। এটি প্রাকৃতিক পিঁপড়া নিরোধক হিসেবে কাজ করবে।

রসুনের ঘ্রাণে থাকবে দূরে

রসুনের কয়েকটি কোয়া ছাড়িয়ে চিনির কৌটায় রেখে দিন। চাইলে রসুন গুঁড়ো করে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে চিনির কৌটার বাইরের দিকে ছিটিয়ে দিতে পারেন। রসুনের গন্ধ পিঁপড়াকে দূরে রাখে।

ভিনেগার ছিটিয়ে দিন

কাপড়ে সামান্য ভিনেগার ছিটিয়ে চিনির পাত্রের নিচে রাখুন। পিঁপড়া গন্ধ পেয়েই দূরে সরে যাবে।

এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত প্রয়োগ করলে চিনির কৌটায় পিঁপড়ার উপদ্রব কমবে।

All Categories