চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া
চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাঁর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া ঢাকায় এসে পৌঁছাবেন।’
খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। সোমবার লন্ডন থেকে রওনা হয়ে তিনি মঙ্গলবার সকালে ঢাকায় নামবেন।
এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গিয়েছিলেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হয়ে কাতারের আমির ওই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এবারও তিনি একই উড়োজাহাজে ফিরছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার দেশে ফেরার দিন দলের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। তিনি বলেন, ‘অত্যন্ত শৃঙ্খলাভঙ্গ না করে এবং যানজট সৃষ্টি না করে সড়কের দুই পাশে দলের নেতাকর্মীরা দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে দলীয় পতাকা থাকবে তাঁদের হাতে।