চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (১৬ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সফরের সমাপ্তি ঘটে। সকাল ৯টা ৫৫ মিনিটে জাতিসংঘ মহাসচিব ঢাকা ত্যাগ করেন, এমনটি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়।
বিমানবন্দরে গুতেরেসকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ করেন।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা পৌঁছান অ্যান্তোনিও গুতেরেস। চার দিনের সফরের প্রথম দিনেই তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন যা তার সফরের অন্যতম গুরুত্বপুর্ণ মুহূর্ত ছিল।
শুক্রবার (১৪ মার্চ) গুতেরেস গুলশানে জাতিসংঘের নতুন ভবনের উদ্বোধন করেন। তার পরই তিনি ঐকমত্য কমিশন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এর পরদিন শনিবার (১৫ মার্চ) বিকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সন্ধ্যায়,গুতেরেস ইফতার ও নৈশভোজে যোগ দেন এবং ঢাকার কর্মসূচি শেষ করেন।
গুতেরেসের এই সফর বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।